,

বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুল হত্যার তীব্র প্রতিবাদ খেলাফত মজলিস নেত সিরাজুল মামুনের

গতকাল ২০ আগস্ট বৃহস্পতিবার রাত নয়টার দিকে ​নারায়ণগঞ্জ বন্দরের সালেহনগর এলাকায় বৈষম্য বিরোধী হত্যা মামলার বাদী ও ইসলামী আন্দোলন নেতা মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রকাশ্যে সন্ত্রাসী বাহিনী কর্তৃক কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চরম ক্ষোভ, তীব্র ধিক্কার ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

২১ আগস্ট ২০২৬, শুক্রবার সকালে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সহ সাধারণ সম্পাদক মুফতি শেখ সাব্বির আহমদ স্বাক্ষরিত ​এক প্রতিবাদ লিপিতে এবিএম সিরাজুল মামুন বলেন, “প্রকাশ্যে দিবালোকে অথবা রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন মানুষকে হত্যা করা কোনো সুস্থ বা সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। নারায়ণগঞ্জ বন্দর এলাকা আজ চিহ্নিত অপরাধী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের নৃশংসতা প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ধসে পড়েছে।”

​তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই – অপরাধীদের কোনো ছাড় নেই। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত খুনি ও তাদের নেপথ্যের মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রক্তচোষা এই ঘাতকদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের সর্বস্তরের জনতা ও সাধারণ মানুষ তা বরদাশত করবে না।”

​তিনি নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং কালক্ষেপণ না করে জড়িতদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।




আরো পড়ুন ...