,
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। দেশের কূটনৈতিক ইতিহাসে এটি একটি বড় মাইলফলক। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচিত সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় এক সংবাদ সম্মেলনে অংশ নেন। এরপর রাত ৯টায় তিনি শপথ নেন। এবং বাংলাদেশ সময় রাত ১টায় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে সভাপতিত্ব করেন। খলিলুর এক বছরের জন্য ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ফিরেছে বাংলাদেশ।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন এ পদে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি। তিনি ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। গত ২ জুন গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন ড. খলিলুর রহমান। এতে তিনি পান ৯৯ ভোট। অন্যদিকে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী, এবার সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। নতুন অধিবেশন শুরুর আগে গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ড. খলিলুরের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় এ তথ্য জানিয়ে সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতিকে ‘উষ্ণ অভিনন্দন ও শুভকামনা’ জানিয়েছে।